০১
রুমডেট ডাংগুলির আপডেট ভার্সান। এই তথ্য জানতে গিয়ে একদা ভিড়ের ভেতর আমি শৈশব হারিয়ে ফেলি। অতঃপর অনেক খুঁজেছি ।কোথাও কোন শৈশব নেই।
কেবল গাছ ভর্তি পার্কের ছায়া। নদী ভর্তি ছইঅলা নৌকার আড়াল। বৃষ্টি ভর্তি রিক্সার হুডতোলা অন্ধকার।ক্যাফে ভর্তি কফির নির্জনতা। হল ভর্তি ছায়াছবির নিজস্ব দৃশ্যকল্প। আকাশ ভর্তি মেঘে ঝড়ের পূর্বাভাস।
মেঠো পথের রিঙ চাকা ততদিনে ডিজেল চালিত পঙ্খিরাজ। তার খসে পড়া ডানায় হঠাৎ ব্রেকের জলছাপ নদী।
রূপকথার চরিত্রেরা ফিকে হয়ে আসে প্রতিবেশির জানালায়। গোলাপি পর্দা গলিয়ে উঁকি দেয় আনিকা তাবাসসুম।
০২
ভালবাসা মাত্রই ব্রেকিং নিউজ। পাঠে- হৃদয় চকবারের মত গলেগলে পড়ে। কেবল বয়স তাকিয়ে দেখে কিছু ভুল ইলেট্রিকের খুঁটি। তা জড়িয়ে কতক- বাংলা সিনেমার পোষ্টার।
রসময় গুপ্তের প্রিয় চরিত্র কমলা বৌঠান আমাদের পাড়াতেই থাকেন। দাদা নিপাট ভদ্র মানুষ। রাতে কয়েল কিনে ঘরে ফেরেন। তার এ্যাশট্রে জুড়ে গোলাপের চাষ।
মাংস মাত্রই স্টার কাবাব। ঝলসে যাওয়া পুরুষ অগোচরে জানেন।
০৩
ক্যমেরাই কেবল তোমার হাসির মর্মার্থ জানে। সেলফি তোলার আগে একথোকা আঙুর খেয়ে নিও।
জানি হারিয়ে ফেলেছো পার্স ভর্তি সেফটি পিনের গল্প।মেকাপ বক্সের পাশে মিমিক করা রোদ।
লিপিস্টিকের রঙে তুমি যে নদী আঁকো তাকে কেউ জলডুবি ডাকে। কেবল মরু ফেরত কোন তৃষ্ণার্ত পুরুষ; সেখানে ভুল সাঁতারের কসরত করে, কিছু ঝাপিয়ে পড়ার স্কেচ।
বেলাভূমির সবটুকু আলো সমুদ্র শুষে নেয় স্ট্র’র রঙীন চুমুকে। অন্ধকার হেসে উঠবার আগে তারও একজন ছায়াসঙ্গী থাকে।
শৈশব আঁচড়ে দ্যাখোl চিরুনির ফাঁকে জমে এ্যালোভেরা সুখ।
০৪
ভাবনারা রোজ ইশকুলে যায়। কমপ্লান খায়। আলাপ করে অংক মিসের নিতম্ব নিয়ে।
মুঠোফোনে ঘুম সেভ হয়ে থাকে। অলেটের ফাঁকে কিছু কামিনীর ঘ্রাণ। কল্পনা’র মাকে আন্টি ডাকি। তার সঙ্গ ভাল লাগে। আমাদের কোক খেতে দেন। অথচ ফ্রিজ ভর্তি আপেল, ভেবে চলে বৃক্ষ জীবন। সবুজ স্বরলিপি। কামড় মাত্রই উষ্ণতা জানে। পারলৌকিক ঘন্টা।
শরীর চর্চার ক্লাসে অন্ধকার মাঠ। ঘেমে ওঠাও এক প্রকার সমুদ্রস্নান। লবণ জলের কাছে প্রাত্যহিক রুটিন।
বেঞ্চির শরীর জুড়ে নাম সংখ্যার যোগফল। হৃদয় চিত্রিত ছবিআঁকা ক্লাস।
০৫
ইশকুল বালিকার কাঁধে শাদা রঙ স্কার্ফ। ফটোকপির দোকানে সে লাভক্যান্ডি কেনে । সাজেশানের ভাজে কোন নীলখাম নেই। কাঁচাহাতে এসেমেস। এখোনো শেখেনি সে অভ্রে লেখা।
সানগ্লাস পরা যে বালক, রাস্তার ওপাশে দাঁড়ায়। ধুম ছবি দ্যাখে। বেনসন প্যাকেটে সেখ সিগারেট খায় । শৈশবের ঝিনুক সিনেমা নাকি ছোট হতে হতে
তার মুঠোফোনে….
দুপুরের থেকে কিছু কাম’রাঙা রোদ ধার করে বাড়ি ফেরে আমাদের বয়সী টিনেজ।
কবি পরিচিতি
মাহমুদুর রহমান
জন্ম ১৯৮৫, বাগেরহাট। কাব্যগ্রন্থ - অরণ্য এভিন্যু বইমেলা ২০১৬
ছোটকাগজ সম্পাদনা- দাঁড়িকমা